ফেনীর দাগনভূঁঞায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা 

ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ফেনীর দাগনভূঁঞায় এক অভিযানে বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুমা জান্নাত এ অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,  বুধবার বিকেলে দাগনভূঁঞা উপজেলা সদরের নামার বাজার এলাকায় ভাই-ভাই টাওয়ারের মালিক গোলাম সারওয়ার একটি গ্যাস চুলার সংযোগ নিয়ে ১৪টি চুলা ব্যবহার করায় তাঁকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ও ১৪টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এরপর বাখরাবাদ থেকে বরাদ্ধ পাওয়া লোড থেকে অধিক পরিমানে লোড ব্যবহারের অপরাধে মেসার্স গ্র্যান্ড সুইটসকে ৫০ হাজার টাকা এবং একই ধরনের অধিক লোড ব্যবহার ও নোংরা-অপরিচ্ছন্ন থাকার অপরাধে গ্যাস আইন ও ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া পাবলিক প্লেসে ধুমপান ও দোকানে মূল্য তালিকা না থাকায় দুইজনকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও দাগনভূঁঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত জানান, অবৈধ গ্যাস ব্যবহারের খবর পেয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের লোকজন নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ফেনী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন, সহকারী প্রকৌশলী কামরুল হাসান ও নুরুল করিম উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন