লোহাগড়ায় আন্তঃজেলা মহাসড়ক ও ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় কালনা থেকে মোম্মদপুর আন্তঃজেলা মহাসড়ক ও লাহুড়িয়া ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের খবরে আজ লোহাগড়াবাসী বেজায় খুশী। ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ৫২ শতক জমি দান করলেন একজন কৃষক।

গতকাল শনিবার দুপুরে  কাজের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। প্রথমে দুদক কমিশনার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের নির্মাণ কাজ  উদ্বোধন করেন। এতে কালনা থেকে সিডি পর্যন্ত এবং শিয়রবর থেকে মাকড়াইল পর্যন্ত সড়ক পাকা হবে। সওজের আওতাধীন এ কাজে বরাদ্দ হয়েছে সাড়ে ১২ কোটি টাকা।

এরপর লাহুড়িয়া ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন।  নড়াইল পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, ১০ শয্যার এ হাসপাতালে তিন তলা হাসপাতাল ভবন ও তিনতলা ডর্মেটারি ভবন হবে।  এতে বরাদ্দ হয়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা। ফরিদপুরের মেসার্স শ্রাবনি কনস্ট্রাকশন এর ঠিকাদার। দেড় বছরে এর কাজ শেষের মেয়াদ।

উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, উপসচিব সৈয়দ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, নড়াইল পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শামসুল আলম, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ। উপপরিচালক মো. শামসুল আলম জানান, এ হাসপাতাল করতে লাহুড়িয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান শেখ মনিরুল ইসলাম ৫২ শতাংশ জমি দান করেছেন।

বার্তা প্রেরক
আবু আব্দুল্লাহ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন