নরসিংদীর বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অবৈধ গ্যাস সংযোগ। দীর্ঘ দিন ধরে সরকার নতুন সংযোগ বন্ধ রাখায় জেলার বিভিন্ন এলাকার লোকজন অনৈতিকভাবে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে দালালদের মাধ্যমে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে জেলাবাসী। তিতাস গ্যাস সূত্রে জানা যায়, নরসিংদী জেলায় মোট শিল্প-বানিজ্য খাতে গ্যাস সংযোগ রয়েছে ৬২৮টি, আবাসিক গ্যাস সংযোগ রয়েছে ২৭ হাজার ১১৭টি।
এছাড়া অবৈধ সংযোগ রয়েছে ৫ হাজারেরও বেশী। দীর্ঘ দিন ধরে সরকারের পক্ষ থেকে নতুন সংযোগের অনুমতি না থাকায় জেলার বিভিন্ন এলাকার লোকজন গ্যাস সংযোগ পেতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, ঠিকাদার ও লাইনম্যানের হাত ধরে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে। এতে করে ঐ মহলটি সরকারকে ফাঁকি দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বার বার অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও এর কোন সুরাহা করতে পারছে না। একদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কিছুদিন পর পূনরায় তা আগের রূপে ফিরে আসে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে নরসিংদীর বিভিন্ন এলাকাঘুরে দেখা গেছে, জেলা শহরের সংগীতা মোড়, হাজীপুর, ভরতেরকান্দী, পাঁচদোনা ইউনিয়নের নলুয়া গ্রামের বাবুরবাড়ী এলাকা, পাঁচদোনা বাজারের পশ্চিমপার্শ্ব এলাকা, মাধবদী পৌরসভার বীরামপুর, মেন্ডতলা, কান্দাপাড়া, দড়িপাড়া, কুতোয়ালিরচর, আলগী, খোসপাড়া (নতুনবাজার), মহিষাশুড়া ইউনিয়নের বিবিরকান্দি, মেনুরকান্দি, দড়িকান্দি, নূরালাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রি ও শিমুলেরকান্দি গ্রাম জুড়েই রয়েছে অবৈধ সংযোগ।
এলাকাবাসী জানায়, আসাদুজ্জামান মিয়া ও হাজী জলিল মিয়ার মালিকানাধিন লাকী ড্রাইং মিলে সরকারীভাবে গ্যাস সংযোগ নেয় কর্তৃপক্ষ। মাধবদী থেকে বিবিরকান্দি ও মিনুরকান্দি এলাকার এই দুইটি মিলে মোটা পাইপদ্বারা প্রদান সংযোগ টানা হয়। সেই সংযোগ লাইনের দড়িকান্দি ব্রীজের নিচ থেকে অবৈধ সংযোগের লাইনগুলো দেয়া হয়।
এব্যাপারে লাকি ডাইং মিলে গেলে প্রকল্প ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব জানান, তাদের ড্রাইং মিলে গ্যাসের চাপ পূর্বের মতই আছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাকিলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। তাছাড়া আমাদের জানা মতে যে সকল অবৈধ গ্রাহক রয়েছে খবর পাওয়া মাত্র আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি












