রবিবার (০৬ সেপ্টেম্বর) পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার বিল গাজনার (শারিরভিটা) গ্রামে দুপুরে একটি জলাশয় ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।
এ সময় তিন জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উজ্জ্বল (৩২), রইজ (৩৮), রাশু মেম্বর (৩৫), মঞ্জু (৩০), সাহেব আলী (৩২), রান্নু (৪০), রাকিব (৪২), আব্দুল খালেককে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীনগর ইউনিয়নের বিলগাজনা-শারিরভিটা গ্রামে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহিন হোসেন মাষ্টার ও খাইরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে রবিবার দুপুরে শাহিন গ্রুপ ও খাইরুল ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ থমথমে বলে জানা গেছে।
বার্তা প্রেরক
মোঃ রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












