রাজৈরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি নামক স্থানে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর এখনো পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিকেল বরিশাল উদ্দেশ্য ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রবাহী একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে আসার পর বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আহতদের মধ্যে হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০), তাপস পাল (৩০), সুমন শেখ (৩০), তপন কর্মকারকে (৫৮) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে প্রায় সবার বাড়ি বরিশাল জেলায়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন