নওগাঁর ধামইরহাটে ঘুকসী নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, সোমবার সকাল থেকে ধামইরহাট বাজারের পূর্ব পাশে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসী নদীর ধামইরহাট সেতুর নিচের দহে মাছ ধরছিল এলাকাবাসী। দুপুরে হাটনগর গ্রামের এ্যামল পাহান (৩৫) তার সন্তানকে নিয়ে খেবলা জাল দিয়ে মাছ ধরতে ওই দহে আসে। প্রায় দেড় থেকে দুই শতাধিক মানুষ এ দহে মাছ ধরছিল। জাল দহে ফেলে পানিতে ডুব দিয়ে মাছ ধরছিল এ্যামল পাহান।
দীর্ঘক্ষণ পর পানি থেকে উপরে না ওঠলে তার ছেলে অনিক পাহান (৭) কান্নাকাটি করতে থাকে। তার লাশ পানিতে ভেসে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে হাটনগর আদিবাসীপল্লীতে শোকের ছায়া নেমে আসে। এ্যামল পাহান দুই সন্তানের জনক এবং ওই গ্রামের মৃত রবিয়া পাহানের ছেলে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে ধামইরহাট একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












