করোণায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল করোণা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের বড় ছেলে ইব্রাহিম ইবনে ইসমাইল (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন বেঙ্গল কর্মজীবনে একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তামানে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসমাইল হোসেন বেঙ্গল রাজনৈতিক জীবন শুরু করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গঠিত প্রথম দল জনদলের মাধ্যমে। তিনি জনদলের এক নম্বর প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে জাতীয় পার্টি (এরশাদ) প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে যোগ দেন এবং এই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালের নির্বাচনে সাবেক চাঁদপুর-৬ (বর্তমান চাঁদপুর-৪) এবং ঢাকা-১০ (রমনা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান। ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসমাইল হোসেন বেঙ্গল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে জন্মগ্রহন করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকার বেঙ্গল প্লাটুনের কমান্ডার ছিলেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বঙ্গবন্ধু কর্তৃক ‘বেঙ্গল’ উপাধিতে ভূষিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তা প্রেরক
কামরুজ্জামান
ফরিদগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন