নরসিংদীতে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আমির হোসেন (৪০)। সে ঘোড়াদিয়া এলাকার ফাইজউদ্দিনের ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোর সাড়ে ৫টার দিকে শাহিন (পেটকানা শাহিন) নামে এক ব্যক্তি আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে খালপাড় এলাকায় নিয়ে আসে। পরে শহরের খালপাড় কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বড় বোন জানান, শাহিন তাকে ফোন করে আমির হোসেনের মৃত্যুর খবর জানতে চান। এদিকে পুলিশ শাহিনকে রায়পুরা উপজেলা থেকে আটক করেছে।
বার্তা প্রেরক
মো: নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি












