পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় তাজিয়া মিছিল সহ আতশবাজি নিষিদ্ধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এছাড়া আরও কিছু বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপ- পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উদযাপিত হবে। কিন্তু বর্তমানে করোনা মহামারি বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত ৩ আগস্ট জারিকৃত পরিপত্র মূলে সব ধরনের গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
তাই পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন (১৯৯২ এর ২৯-১ ক, ২৯-১ খ ও ৩০ ধারায়) ক্ষমতাবলে আগামী ৩০ আগস্ট জনসমাবেশ ও তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে। আর এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আরএমপির ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি












