মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার পূর্ব কয়ারিয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি অনেক দিনধরে কাঁচা। একটু বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। এলাকাবাসীর শত অনুরোধ সত্যেও রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচাই রয়ে গেছে। এই কারণে আজ বুধবার (২৬ আগস্ট) সেই রাস্তায় ধানের চারা রোপণ করে স্থানীয়রা অভিনব এক প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্বকয়ারিয়া গ্রামের চৌধুরীহাট থেকে শিরাজ সরদারের বাড়ি পর্যস্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে কাঁচা রয়েছে। আর এটির এখন পর্যন্ত কোন সংস্কারও করা হয়নি। বর্ষাকাল এলেই এই রাস্তায় হাঁটু কাদায় চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তার সংস্কারের দাবি জানালেও এর সংস্কার কাজ না হওয়ায় এবার তারা রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। অভিনব এই প্রতিবাদে অংশগ্রহণ করেন ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
ওই গ্রামের বাসিন্দা শিরাজ সরদার ও মো. ছিদ্দিকুর রহমানসহ অনেকেই আক্ষেপ করে বলেন, দেশের সব জায়গায় সবকিছু উন্নয়ন হলেও আমাদের অবহেলিত গ্রামের একমাত্র প্রধান রাস্তাটির উন্নয়ন হয় না। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় বলে আমাদের জীবন মানও উন্নয়ন হচ্ছেন না। কয়ারিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লা বলেন, রাস্তাটি করার জন্য আমি সকল চেষ্টা অব্যাহত রেখেছি।
এ ব্যাপারে কালকিনি উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, রাস্তাটি সংস্কার কাজ করার জন্য সকল চেষ্টা করছি। শীঘ্রই হয়ে যাবে।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












