ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা ডা. তাহমিনা শিরীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীন আইইডিসিআরের সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক তাহমিনা শিরীনকে আইইডিসিআরে এ বদলি ও পদায়ন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে অধ্যাপক ডা. তাহমিনা শিরীন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীন একজন ভাইরোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর তিনি এমফিল এবং পিএইচডি করেন সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি












