নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে এক ডাকাত নিহত

নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনীতে সাইয়েদুল ইসলাম শাইক্কা (৩০) নামে এক ডাকাত নিহত ও মোঃ হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হয়েছে এবং জনতার হাতে আটক হয়েছে আরো ৩ ডাকাত। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামে।
পুলিশ জানায়, ডাকাতরা পাশ্ববর্তী কুলিয়ারচর থানার লক্ষিপুর গ্রামে ডাকাতি করে সিএনজি যোগে বেলাব থানার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর ৭নং রোডের কাছে এসে পূণরায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকার কিছু লোক টের পেয়ে কাশিমনগর গ্রামের বিভিন্ন মসজিদে গ্রামে ডাকাত ঢুকার খবর প্রচার করে।

পরে মূহুর্তেই এলাকাবাসি তাদেরকে ঘেরাও করে ফেলে। এসময় এলাকাবাসী ডাকাতদের গণপিটুণী দেয়। ধারালো অস্ত্রের আঘাতে সাইয়েদুল ইসলাম সাইক্কার মৃত্যু হয় এবং হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হয়। নিহত ডাকাত পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার সালুয়া গ্রামের নুরু মিয়া ছেলে। আটককৃত চার ডাকাতদের মধ্যে বেলাব উপজেলার সল্লাবাদ গ্রামের মৃত করম আলীর ছেলে মোঃ হেলিম (৩৫), চরকাশিনগর গ্রামের আকাশ মিয়ার ছেলে মোঃ বাবু (১৯), চর বাঘবের ঝালুকান্দা গ্রামের ওমর ফারুকের ছেলে মোঃ রাব্বি (১৯) ও কুলিয়ারচর থানার লক্ষিপুর ভাটিপাঁড়া গ্রামের মধু মিয়ার ছেলে হযরত আলী (৩৫)।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করি এবং আহত অবস্থায় আরেক ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি। এসময় এলাকাবাসি বাকি তিন ডাকাতকে পুলিশে সোপর্দ করে।

বার্তা প্রেরক
মো: নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন