ভুয়া টেন্ডার দেখিয়ে সরকারি জায়গার উপর মার্কেট করার নামে স্থাপনা নির্মান চেষ্টা করায় মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আর এম শাহ নেয়াজ এর নিকট পৌরবাসির পক্ষ থেকে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে পৌর মেয়রকে অস্ত্র মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী ও হত্যা গুম ও চাঁদাবাজী চলমান মামলার আসামী উল্লেখ করে বলা হয়েছে সে নিজ স্বার্থে ভুয়া টেন্ডার দেখিয়ে সরকারি জায়গায় স্থাপনা তৈরীর নীল নকশা করছেন। পৌর মেয়র আশরাফুল ইসলামকে ভূমি দস্যু উল্লেখ করে বলা হয়েছে ২০১৭ সালে ফেব্রুয়ারী মাসে একইভাবে সরকারি জায়গা দখল করে কোটি টাকা হাতিয়ে নিয়ে অনেককে পথে বসিয়েছেন এবং টেন্ডার দেখিয়ে সরকারি কোষাগারের টাকা লোপাট করেছেন বলে স্মারক লিপির মাধ্যমে জানানো হয়।মেয়র আশরাফুল ইসলামের ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় বলে স্মারক লিপির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
পৌর নাগরিকরা এসব কারণে ভয়ভিতির মধ্যে দিন পার করছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মেয়র আশরাফুল ইসলাম বলেন, এর আগে যারা আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছিল তারা তা প্রত্যাহার করেছে সেই নিউজটা করা হয়নি। আর এসব বিষয়ে জানতে চেয়ে নিউজ করলে যা ইচ্ছা লেখেন। দরখাস্ত প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে জিলাপি ব্যবসায়ী আলিউল বলেন ডিসি বরাবর আমাদের অভিযোগের কথা মেয়র জানতে পেরে সে আমাদের দোকান ঘর ৫লাখ টাকা নেওয়ার পরিবর্তে ন্যয্য মূল্যে দেবে বলে আশ্বাস দিয়ে একটি দরখাস্ত আমাদের স্বাক্ষর করিয়ে নেয়।
সে দরখাস্ত জমা পড়েছে কিনা আমরা জানিনা তবে আমাদের জানানো হয়েছে এটা আগের অভিযোগ প্রত্যাহারের দরখাস্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহ নেওয়াজ বলেন স্থানীয়দের স্বাক্ষরিত মেয়রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












