করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদারীপুরে ফের লকডাউন ঘোষণা

আজ (মঙ্গলবার) দুপুরে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলার ৪টি পৌরসভার ২০টি ওয়ার্ড, ৪টি উপজেলার ২২টি ইউনিয়নকে রেডজোন ঘোষণা করেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রেডজোন এলাকায় লকডাউন বাস্তবায়ন হবে জানানো হয়। তবে এসব এলাকায় জরুরী সেবা চালু থাকবে।

ইতিমধ্যে আজ মঙ্গলবার কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে কালকিনি উপজেলা প্রশাসন। মঙ্গলবার রেড জোন এলাকা চিহ্নিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারী করেন।

শিবচরে বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন অনুসারে স্বাস্থ্য বিভাগ রেডজোনে শিবচর পৌরসভার ৩টি ওয়ার্ডসহ ৯ ইউনিয়ন ঘোষণা করেছে। স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা মানার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাঁচামালের দোকান, দুপুর ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দোকান খোলা থাকবে। এছাড়া জরুরী সেবা চালু থাকবে ২৪ ঘন্টা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বার্তা প্রেরক
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন