ফেনীতে এক ইউপি চেয়ারম্যানসহ নতুন করে ৫৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সকালে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা নমুনা পরীক্ষাগার থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২০ জন, সোনাগাজীতে ২৬ জন, পরশুরামে আটজন ও ছাগলনাইয়া উপজেলায় একজন।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, ফেনীর ছয় উপজেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০১ জন। মারা গেছেন নয়জন। বর্তমানে হোম আইসোলেশন ও করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে আছেন ৩৫৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোনাগাজী উপজেলার মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো এবং ওই ইউপির তিনজন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তাদের দেহে তেমন উপসর্গ দেখা যাচ্ছে না। বর্তমানে ১৩ জন করোনা রোগী ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ১০ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। করোনায় এখন পর্যন্ত জেলায় নয়জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০১ জন।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৪৬৬ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৭১ জন, সোনাগাজীতে ৮৩ জন, দাগনভূঞায় ১০৮ জন, ছাগলনাইয়ায় ৬২ জন, ফুলগাজীতে ১০ জন ও পরশুরামে ২৩ জন এবং অন্যান্য উপজেলার নয়জন রোগী রয়েছেন।












