কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের বর্তমান এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সকাল ১০ টায় ঢাকার বনানী কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্য হবে। করোনা ভাইরাসের কারনে তার নিজ জেলা সিরাজগঞ্জ ও সংসদীয় আসন কাজিপুরে নিয়ে যাওয়া হচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাবেক এমপি তানভীর শাকিল জয়।
এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোকে মূহ্যমান পুরো কাজিপুরবাসী। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে লোকজন উপজেলা সদরের দলীয় কার্যালয় আসছেন। সেখানে রয়েছেন অনেক নেতাকর্মী। কেউ কেউ হাউমাউ করে কাঁদছেন, কেউবা সান্ত্বনা দিচ্ছেন একে অপরকে। কাজিপুরবাসীর দাবি তাদের নেতাকে যেন শেষ বারের মত দেখতে পারে এবং সিরাজগঞ্জ তথা কাজিপুরে যেন তাকে দাফন করা হয়।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষীয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওই দিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পযবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল বোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওই সময়ের মধ্যে তার অবস্থার উন্নতি হয়নি এবং তিনি ডিপ কোমায় চলে যান।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












