চট্টগ্রাম নগরীর ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারী গলিতে ০৭ জুন অভিযান চালিয়ে বেশি দামে ওষুধ বিক্রি করার দায়ে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ০৭ জুন পরিচালিত হওয়া এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর একটি দল নেতৃত্ব দেন এবং ওষুধ প্রশাসন, র্যাব ও চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের কর্মকর্তারা ও অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং এস এম আলমগীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেশি দামে ওষুধ বিক্রি, ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি, অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ১৪টি ফার্মেসিকে ৭ লাখ টাকা জরিমানা করে।
অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল পিপিই-মাস্ক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ১০টি ফার্মেসিকে ৩ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওষুধ কেনা-বেচার রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ৫টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল হাজারী গলির ওষুধের বাজারে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন ওষুধ ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ওষুধ বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অপরাধের দায়ে অভিযানে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে চট্টগ্রামের সব ফার্মেসিতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান বলেন চট্টগ্রামে ওষুধের কোনো সংকট নেই, তবু কিছু অসাধু ফার্মেসি করোনাকে পুঁজিি করে ওষুধের দাম বেশি রাখা হচ্ছে। যদি কোন ফার্মেসি ওষুধের দাম বেশি রাখে তাহলে প্রমাণসহ ওষুধ প্রশাসন অধিদফতরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হয়।
গত ২-৩ সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে জ্বর- সর্দি সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ও বাড়তে থাকায় ওষুধের চাহিদাও বৃদ্ধি পায়। তাই এই সময় টাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের ফার্মেসি গুলো বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতা সাধারণ।
বার্তা প্রেরক
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি












