কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের রতিরাম কোমলওঝা চওরা গ্রামে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে পাষন্ড স্বামী তার শ্বশুর বাড়িতে গিয়ে ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেক দিন যাবৎ নিহত গৃহবধূ বিউটি বেগম(২২) স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি অবস্থান করছিলো। কিন্তু গত মঙ্গলবার রাত ১১ টার দিকে স্বামী হাবিবুর রহমান(২৫) শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে বাড়ির বাইরে বেরিয়ে আসতে বলে। স্ত্রী বাইরে বেরিয়ে এলে পাষন্ড স্বামী প্রথমে স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়।
অভিযুক্ত স্বামী রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আব্দুল মতিনের ছেলে। তাদের তিন বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাতেই অভিযান চালিয়ে খুনি হাবিবুর রহমান কে গ্রেফতার করে। পরে ঘটনায় ব্যাবহার করা ছুরি উদ্ধার করা হয়। খুনি হাবিবুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি শিকার করে নিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়া আছে বলে তিনি জানান।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












