নিয়ম ভেঙে দোকান খোলায় কুষ্টিয়ার বিভিন্ন দোকানে জরিমানা

আজ ২২/০৫/২০২০ খ্রি. তারিখে করোনা কন্ট্রোলরুমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা শহরের ইসলামিয়া মার্কেটে অবস্থিত মৌ ফ্যাশন নামক তিন তলা বিশিষ্ট বস্ত্রবিতানের ভিতরে অসংখ্য ক্রেতা ঢুকিয়ে দিনের পর দিন কৌশলে রমরমা ব্যবসা চালিয়ে আসার অভিযোগে অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়েই ২১ জন কর্মচারী, মালিক ও অসংখ্য ক্রেতা সহ তিন তলার প্রতিটি দরজায় বাহিরে থেকে অসংখ্যা তালা লাগিয়ে দোকানের অপর একজন মালিক পালিয়ে যায়। বিদ্যুৎবিহীন দোকানের অন্ধকার প্রকোষ্ঠে আটকে পড়া অসংখ্য ক্রেতা সাধারনকে প্রায় দুই ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়।
এমন অমানবিক কার্যক্রম ও সরকারি আদেশ অমান্য করে গণজমায়েত করে ব্যবসা পরিচালনার দায়ে দোকান মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জরিমানা  অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।
কুষ্টিয়া জেলা শহর ছাড়াও শহরের নিকটবর্তী অন্যান্য বিভিন্ন শপিংমল, বস্ত্রবিতান ও কসমেটিকস সামগ্রীর দোকানে করোনা বিস্তারোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভোর ০৬ টা হতে এই অভিযান পরিচালিত হয়। সরকারি আদেশ অমান্যকরণ ও জীবন বিপন্নকারী রোগের (কোভিড-১৯) বিস্তার ঘটার সম্ভাবনা রয়েছে এরুপ জেনেও গণজমায়েত করে বস্ত্র ও কসমেটিকস সামগ্রী ক্রয়-বিক্রয় কার্যকালাপের সাথে জড়িত প্রায় ত্রিশ জন বিক্রেতা ও ক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড করা হয়।
দন্ডবিধি, ১৮৬০ আইন এর ২৬৯ ধারা মোতাবেক আরোপিত শাস্তির আওতায় ১৬ টি আলাদা মামলায় মোট  ৪২৯৫০ ( বিয়াল্লিশ হাজার নয় শত পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া ও
জুডিশিয়াল পেশকার, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন