নরসিংদী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি বিবেচনায় দেশীয় কাপড়ের বৃহত্তম পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট ফের বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দেন।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ৩১ মার্চ এই বাজারটি বন্ধ ঘোষণার পর ২৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট অচলাবস্থায় সারা দেশের ব্যবসা-বাণিজ্যের মতোস্থবির হয়ে পড়ে বাংলার ম্যানচেষ্টার খ্যাত দেশীয় কাপড়ের পাইকারী বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট।
অর্থনীতি ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে সরকারি অনুমতি সাপেক্ষে ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সীমিত আকারে বাবুরহাটের দোকানগুলো খোলা হয়। পরে ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারের সব আড়ত ও দোকানে পাইকারি ও খুচরা সব ধরনের পণ্যের আদেশ শুধু অনলাইনে বা মোবাইল ফোনে নেওয়ার কথা থাকলেও তা অধিকাংশ ব্যবসায়ী মানেনি। অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা পরিচালনা করছেন। সব লেনদেন অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করার কথা থাকলেও তা সরাসরি সম্পন্ন করা হয়। দেশের বৃহত্তম পাইকারি বাজার হওয়ায় এখানে দেশের বিভিন্ন জেলার ক্রেতার আগমন ঘটে। বাজারে ক্রেতা বাড়ায় সামাজিক দূরত্ব রক্ষার সুযোগও থাকেনি। এতে জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এছাড়া জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যাও বেড়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ব্যবসায়ীদের কথা বিবেচনা করে শর্তসাপেক্ষে দুই দফায় বাবুরহাট চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। কিছু ক্ষেত্রে শর্ত পালন না করায় এবং হাটের লেনদেন শেষের দিকে চলে আসায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়
বাবুরহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বার্তা প্রেরক মোঃ শামীম মিয়া
নরসিংদী প্রতিনিধি












