খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত অ্যাপে কৃষকের নিকট থেকে ধান কেনা শুরু শনিবার। খাদ্য বিভাগের নির্ধারিত অ্যাপের তালিকাভূক্ত না হওয়ায় জেলা প্রশাসনের উদ্ভাবিত অ্যাপে ধান কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৬ এপ্রিল থেকে ধান কেনার নির্দেশনা থাকলেও অ্যাপের মাধ্যমে শনিবার ধান কেনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে দেশের ২২টি উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করছে সরকার। খাদ্য বিভাগের নির্ধারিত অ্যাপ না থাকায় খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভাবিত অ্যাপের মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান কেনা হচ্ছে খুলনায়। জেলা প্রশাসনের উদ্ভাবিত মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’ এর মাধ্যমে শনিবার দুপুর দেড়টায় কৃষকের নিকট থেকে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনা মহানগরীর মহেশ্বরপাশা সিএসডি চত্ত্বরে এই ধান কেনা অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এবার কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনা ২৬ এপ্রিল শুরু হয়ে আগামী ৩১ আগষ্ট শেষ হওয়ার কথা রয়েছে। খুলনা জেলায় এবার বোরো মৌসুমে ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৫০ মেট্রিক টন। অ্যাপ এর মাধ্যমে কৃষকদের ধান বিক্রির জন্য আবেদন করতে হবে। অ্যাপে প্রাপ্ত কৃষকদের আবেদনের তালিকা ধান সংগ্রহের উপজেলা কমিটি যাচাইবাছাই করে ধান সংগ্রহের জন্য কৃষক নির্ধারণ করবেন। নির্ধারিত কৃষকদের মোবাইল ফোনে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। ক্ষুদে বার্তা পাওয়ার পরেই কৃষক তার ধান সরকারের নিকট বিক্রি করতে পারবেন।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান বলেন, খুলনায় জেলা প্রশাসনের উদ্ভাবনী অ্যাপের মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান কেনা হচ্ছে। অ্যাপের মাধ্যমে শনিবার কৃষকের নিকট থেকে ধান কেনা শুরু করা হবে।
বার্তা প্রেরক
নিলয় অধিকারী
খুলনা প্রতিনিধি












