করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার কর্মহীন মানুষদের জন্য স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের পরামর্শে অনন্য এক উদ্যোগ নিয়েছেন মুরাদনগর যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিনই মুরাদনগর উপজেলার শত শত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফ্রি সবজি। অনন্য এ উদ্যোগের সাধারন আমজনতার কাছে নামকরণ হয়েছে ভালোবাসার ভ্যানগাড়ি। ভালোবাসার ভ্যান গাড়ির উদ্যোক্তা রুহুল আমীন ও আরিফুল ইসলাম শাহেদসহ যুবলীগের একাধিক নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্যে মুরাদনগরের কর্মহীন মানুষদের জন্য ফ্রি সবজি পৌঁছে দেওয়া হচ্ছে।
মুরাদনগরের বিভিন্ন বাজারে ভালোবাসার ভ্যানগাড়ি দাঁড়ানো থাকে। যে কেউ চাইলে বিনামূল্যে ওই ভ্যানগাড়ি থেকে পছন্দমতো বাজার নিতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। জানা যায়, স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রকৃত দামের চেয়ে বেশি দামে সবজি সংগ্রহ করেন মুরাদনগর যুবলীগ। পরবর্তীতে ওই সবজি পৌঁছে দেওয়া হয় মুরাদনগরের বিভিন্ন বাজারে। বিভিন্ন ভ্যানে সাজানো থাকে নানান পদের সবজি। কর্মহীন কিংবা যে কোনো ব্যক্তিই ওই ভ্যান থেকে চাইলে বিনামূল্যে নিতে পারবেন সবজি। ওই ভ্যানে থাকে আলু, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, শসা, লাল শাক, পুঁই শাকসহ নানান পদের সবজি। বাজার শেষ হয়ে গেলে সবজির ভ্যানগাড়ি চলে যায় গ্রামে। ওইখানে বিনামূল্যে বিতরণ করা হয় সবজি।
বার্তা প্রেরক
মো. শরিফুল আলম চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি












