খুলনায় বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন– নগরীর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা হরিজন কলোনির অরুণ দাস (৬০) ও নীলা দাস (৬২)।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে সুইপার অরুণ দাস ও নীলা দাস মদ পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের দুপুর ১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে একজন এবং বিকাল পৌনে ৫টার দিকে আরেকজন মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. অনল রায় জানান, বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিষাক্ত মদ পানে অরুণ দাস ও নীলা দাস মারা গেছে। তারা কোন জায়গা থেকে মদ কিনেছিলেন সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি












