বর্তমান পরিস্থিতিতে ফরিদপুরে মেস বাসা ও হোস্টেল ভাড়া নিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীরা।
এই পরিস্থিতিতে তারা ভাড়া মওকুফের জন্য সরকার, জেলা প্রশাসক মহোদয় এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট ভাড়া মওকুফ করার জন্য বিনীত ভাবে আবেদন জানাচ্ছে।
ফরিদপুরে বিভিন্ন জেলা থেকে আসা সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ইয়াসিন কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা ফরিদপুরে মেস বাসা ও হোস্টেলে থেকে তাদের পড়াশোনা করে থাকে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছাত্রছাত্রীরা টিউশনি সহ বিভিন্ন ছোটখাটো কাজ করে নিজেদের হোস্টেল খরচ এবং লেখাপড়ার খরচ বহন করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় তাদের টিউশনি ও ছোটখাটো কার্যক্রমগুলো বন্ধ আছে। যে কারণে তারা নিজেদের খরচ বহনে অপারগ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের মেস বাসা ও হোস্টেলের ভাড়া পরিশোধ করতে পারছে না।
অপরদিকে মেস ও হোস্টেলের মালিকেরা বারবার ভাড়ার জন্য তাগাদা দেয়ায় ছাত্র-ছাত্রীরা মানসিকভাবে অসহায়ত্ব বোধ করছে। নিজেদের খরচ চালাতে যেখানে হিমশিম খাচ্ছে সেখানে এই মুহূর্তে মেস ও হোস্টেল ভাড়া শোধ করবে কোথা থেকে ?
এ বিষয়ে সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ সরকার এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সংকটকালীন মুহূর্তে মেস ও হোস্টেল ভাড়া মওকুফের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।
সাধারণ ছাত্র ছাত্রী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নিকট সংকটকালীন মুহূর্তে মেস ও হোস্টেল ভাড়া মওকুফের জন্য আবেদন করা হলেও জেলা প্রশাসক মহোদয় মেস বাসা ও হোস্টেলের মালিকদের সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার জন্য অনুরোধ করেছেন।
কিন্তু সাধারন ছাত্র-ছাত্রীদের বাসা ভাড়া মওকুফের বিষয়ে সরাসরি কোনো নির্দেশ প্রদান করা হয়নি জেলা প্রশাসকের তরফ থেকে।
ফরিদপুর জেলা ছাত্রলীগ ও সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর ছাত্র সংসদ রুকসু এ বিষয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য আশ্বাস প্রদান করেছেন। সাধারণ ছাত্রছাত্রীদের বাসা ভাড়া সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে জেলা ছাত্রলীগ ও রুকসুর নেতাকর্মীদের নিকট জানানোর জন্য আহ্বান করেছেন। তারা সর্বদিক বিবেচনা করে সাধারণ ছাত্র ছাত্রীদের কে এই বিষয়ে সাহায্য করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সর্বসাকুল্যে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত সাধারণ ছাত্রছাত্রীদের একটাই দাবি, একটাই আশা, সরকার এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট। এই সংকটকালীন মুহূর্তে তারা যেন সাধারণ ছাত্রছাত্রীদের মেস বাসা ও হোস্টেলের ভাড়া মওকুফের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সাধারণ ছাত্রছাত্রীদের আকুল আর্জি সরকার, মহামান্য জেলা প্রশাসক স্যার ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সকল ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এই সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের কে দয়া করে ফিরিয়ে দিবেন না। আপনাদের নিকট বিনীত আবেদন বাসা ভাড়া ও হোস্টেল ভাড়া মওকুফের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমাদের মত সাধারন ছাত্র-ছাত্রীদের কে সাহায্য করুন।
বার্তা প্রেরকঃ
আর. এ. রাহুল
ফরিদপুর,প্রতিনিধি












