সুনামগঞ্জে ব্যাংকসহ কিছু বাড়ি লকডাউন

সুনামগঞ্জে এক ব্যাংক কর্মকর্তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইসলামী ব্যাংকসহ সুনামগঞ্জ শহরের ইলেকট্রিক সাপ্লাই রোড লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে ব্যাংকের ২২ কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখাসহ শহরের ইলেকট্রিক সাপ্লাই রোডের সব কটি বাড়ি লকডাউন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা লক ডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ২৩ এপ্রিল ওই ব্যাংক কর্মকর্তার নমুনা সিলেট পাঠানো হয়। সোমবার দিনগত রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ আসে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা শহরের ইলেকট্রিক সাপ্লাই রোডের ওই ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসাসহ ওই রোডের সব ক’টি বাড়ি লকডাউন করেন। একই সঙ্গে আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছেন এমন ৪ জন ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে মেডিকেল টিম।

করোনা আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে আইসোলেশনে আনা হয়েছে বলেও জানান ডা. সৌমিত্র চক্রবতী।

এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের কোনো উপসর্গ ছাড়াই তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন আগে ঢাকা, নারায়ণগঞ্জ, ও ভৈরব থেকে তারা গ্রামে ফিরে আসেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন