লকডাউন থাকায় দীর্ঘদিন ধরে কাজে যেতে না পেরে অসহায়ভাবে দিন পার করছেন বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ। তাদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়েছেন সংসদ সদস্য, সেনাবাহিনী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তি উদ্যোগেও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সকালে মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুরের ৮ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শাজাহান খান। করোনার দিনে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
নাজমা রহিম ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
কুড়িগ্রামে হতদরিদ্র কর্মহীন ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম ইউনিট। রিভারভিউ হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সুজি দেয়া হয়।
গোপালগঞ্জের দরিদ্র ১৫ শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শহরের আনসার প্রশিক্ষণ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
ঠাকুরগাঁওয়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট। শতাধিক পরিবারকে চাল, ডাল, চিনি, সাবান ও তেল বিতরণ করে সংগঠনটি ।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ব্যাটলিয়নের মেজর ইসতিয়াকের নেতৃত্বে ঝালকাঠি শহরের লঞ্চঘাট, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনীর একটি দল।
বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার আড়াই হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. ফরিদুল ইসলাম।
নিজেদের রেশন বাঁচিয়ে রাঙামাটিতে ২ শতাধিক পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে জেলার উলুছড়ি, শিমুলতলী ও ডুবছড়ায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। দলটির নেতৃত্ব দেন সদর জোনের কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম। এ নিয়ে গত এক সপ্তাহে সেনাবাহিনীর পক্ষ থেকে ৮শ’র বেশি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হলো। এদিকে, চট্টগ্রাম নগরীর বড়দীঘির পাড় এলাকায় একশ’ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আমেরিকান প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ফুড ব্যাংক’ ও ‘চিলড্রেন অব সেভেনটি ওয়ান’।
এছাড়া মোংলা ও হিলিতেও দরিদ্র দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।












