শিবচরে যেভাবে নিয়ন্ত্রণে এসেছে করোনা

দেশে প্রথম লকডাউনের আওতায় আসা মাদারীপুরের শিবচরে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। দেড় মাসের লকডাউনেই সুফল মিলেছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের। প্রশাসনের কড়া নজরদারিতেই এমনটা সম্ভব হয়েছে বলে মত সংশ্লিষ্টদের।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। মাদারীপুরের শিবচরে ইতালি ফেরত এক প্রবাসীর দেহে ধরা পড়ে ভাইরাসটি। সংক্রমিত হন তার পরিবারের আট সদস্য। ১৯ মার্চ লকডাউন করা হয় শিবচর। বন্ধ করে দেয়া হয় উপজেলার সাথে সব ধরনের যোগাযোগ। নিত্যপণ্যের দোকানও দুপুর ২টার পর বন্ধ রাখা হয়। এতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি জেলার সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলামের।

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করছে সেনাবাহিনী। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাঠে থাকার আশ্বাস দিয়েছেন টহল টিমের লিডার ক্যাপ্টেন লায়লাতুল আসিফ।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরুলেই এই রোগ থেকে মুক্তি মিলবে। পরিসংখ্যান বলছে, জেলার ২৮ জন করোনা রোগীর ১৭ জনই শিবচরের। এর মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন, ৭ জন সদর হাসপাতালে আইসোলেশনে আর একজন মারা গেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন