প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাবেক স্বামীর হাতে তালাকপ্রাপ্তা স্ত্রী খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম লাকী আক্তার (২২)। তিনি একই গ্রামের আবু সাইদের মেয়ে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গ্রামবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, দত্তগ্রাম এলাকার বাসিন্দা আহমেদ আলীর ছেলে মো. এমদাদুল গত চার বছর আগে বিয়ে করেন চাচাত বোন লাকী আক্তারকে। এমদাদুল পেশায় কৃষক। তাদের ঘরে মাইশা আক্তার নামে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত পাঁচ মাস আগে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা টানাপোড়েন দেখা দেয়। এর জের ধরে লাকী আক্তার একতরফাভাবে স্বামীকে তালাক দিয়ে ঢাকায় চলে যান। এদিকে শত চেষ্টা করেও স্ত্রীকে তালাক দেয়া থেকে বিরত করতে পারেননি স্বামী এমদাদুল। লাকী ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নেন।

মঙ্গলবার এমদাদুল জমিতে ধান কাটছিলেন। সকাল সাড়ে আটটার দিকে সাবেক স্ত্রী লাকী আক্তারের আগমনের সংবাদ পেয়ে দ্রুত বাড়ি ছুটে যান। সেখানে গিয়ে দেখাতে পান মাইশাকে নিয়ে চাচার ঘরে শুয়ে আদর করছে লাকী আক্তার। সন্তানকে আদর করার এ দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন এমদাদুল। উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ঘরে ফেলে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, এ ঘটনায় এমদাদুলের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন