১৩ জনের করোনাভাইরাস শনাক্তের পর নড়াইল লকডাউন

নড়াইল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টা থেকে এ লকডাউন কার্যকর হবে। অন্য জেলার সাথে এ জেলায় এবং এক উপজেলার সাথে অন্য উপজেলায় আসা-যাওয়া বন্ধ থাকবে। এছাড়া যেকোনো গণ পরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর আওতার বাইরে থাকবে। নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা হটাৎ করে বাড়তে থাকায় জেলা প্রশাসক আনজুমান আরা সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেছেন।

নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার , মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাক্তার ডাঃ আব্দুল মান্নান ও অজ্ঞানের ডাঃ প্রশান্ত মল্লিকের করোনা নমুনা পজেটিভ এসেছে। এছাড়া গত রোববার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মোঃ দুলাল হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় ৭ জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, হটাৎ করে নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেল ৩ টা থেকে এ লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বহাল থাকবে বলেও জানান তিনি।

বার্তা প্রেরকঃ

আফজাল হোসেন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন