অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ৫৭০ বস্তা চাল লুট হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের হাজী ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
ট্রাকে করে কালীগঞ্জ বাজারের হোসেন অ্যান্ড সন্সের সামনে ভিজিএফের তিন ডিলারের ৫৭০ বস্তা চাল বিক্রির জন্য নিয়ে আসেন। ট্রাক থেকে চাল নামানোর সময় স্থানীয়রা ট্রাক চালকের কাছে চালের কাগজপত্র দেখতে চান। ট্রাক চালক তাৎক্ষণিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এরপর স্থানীয় কয়েকজন ট্রাকের ওপর হামলে পড়েন। পরে আরো প্রায় অর্ধশতাধিক মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যান।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার কুমার সিংহ জানান, লুট হওয়া চালের কাগজপত্র ঠিক আছে। লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।












