নওগাঁ প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক
নওগাঁয় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী মারা গেছেন। মৃত্যুর পর শনিবার ২৫ শে এপ্রিল তার নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এর আগের রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যান।মৃত স্কুলছাত্রী শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ বলেন, “ওই কিশোরী সাতদিন ধরে টাইফয়েড, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভূগছিল।
তার অসুস্থতা বৃদ্ধি হওয়ায় শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।“চিকিৎসাধীন অবস্থায় রাতে মেয়েটি মারা যায়।বিষয়টি জানার পর শনিবার সকাল ৬টায় তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরে পাঠানো হয়েছে। তবে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার ফলাফল পেলে জানা যাবে বলে জানান তিনি।
ওই পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই কিশোরী নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতেন এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী।












