করোনাভাইরাস বা কোভিড-১৯ শণাক্তকরন কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নতুন স্থাপিত ল্যাবে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। এখানে একটি পিসিআর মেশিনে প্রতিদিন ১০০টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভাসু কর্তৃপক্ষ।
সিভাসুর উপ-পরিচালক খলিলুর রহমান বলেন, চট্টগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব হিসেবে সভাসুর নতুন ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে সিভাসু’র নতুন ল্যাবে। ইতোমধ্যে বিআইটিআইডি থেতে ৪৮০টি কিট পাওয়া গেছে। প্রতিদিন ১০০টি নমুনা পরীক্ষা করে ফলাফল বিআইটিআইডিতে পাঠিয়ে দেয়া হবে এবং সেখান থেকে সমন্বিতভাবে ফলাফল প্রকাশ করা হবে।
তবে পর্যাপ্ত কিট পাওয়া গেলে এই ল্যাবে দিনে ২০০ থেকে ২৫০টি পর্যন্ত নমুনা পরীক্ষ্রা করা সম্ভব হবে বলে জানান তিনি। সিভাসুতে ২জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ৬জন শিক্ষার্থী নমুনা পরীক্ষার কার্যক্রমের সাথে সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।
প্রসঙ্গত, এতোদিন চট্টগ্রামের বিআইটিআইডিতে একমাত্র করোনা ল্যাবে দিনে সর্বোচ্চ ২০০টি পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়ে আসছিলো। বর্তমানে সিভাসু’র নতুন ল্যাব যুক্ত হওয়ায় প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে।












