এবার করোনায় আক্রান্ত গাজীপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ ৯১ জন।
আজ বুধবার (২২ এপ্রিল) গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলার আক্রান্ত ৯১ জনের মধ্যে ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স এবং ৪৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও একজন সিনিয়র নার্সের করোনা আক্রান্তের খবর জানা গেছে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এছাড়াও, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আইইডিসিআর-এর ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, গাজীপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৬৯ জন।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন বলেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে।
কিন্তু গত দুই দিন ধরে গাজীপুরে আক্রান্তদের তথ্য পাওয়া যাচ্ছে না। গত সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৯১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৪৬ স্বাস্থ্যকর্মীর মধ্যে ল্যাব টেকনিশিয়ান, মাঠ কর্মকর্তা, ওয়ার্ড বয়সহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।












