নওগাঁ প্রতিনিধি: সুমন আলী
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় গত তিনদিন ধরে ভারত থেকে হলুদ প্রজাতির প্রজাপতি ধেঁয়ে আসছে। উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী খড়মপুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। এ রকম বিরল প্রজাতির প্রজাপতি এলাকাবাসী আগে কখনও দেখেনি তারা জানান।
উপজেলার খড়মপুর গ্রামের একজন জানান,গত তিন দিন ধরে খড়মপুর গ্রামের পশ্চিম দিক ভারত থেকে অবিরাম হলুদ প্রজাতির এক ধরণের প্রজাপতি বাংলাদেশে প্রবেশ করছে। এসব প্রজাপতি আমাদের দেশের সাধারণ প্রজাপতির মতো দেখতে নয়। মাঝারী ধরণের এসব প্রজাপতি অধিকাংশ হলুদ মাঝে মাঝে হালকা সাদা প্রজাপতিও ধেয়ে আসছে। বাসা বাড়ীর ৮-১০ ফুট উচুতে এরা চলাচল করছে। ওই গ্রামের আরেক জন বলেন, গত শুক্রবার ফার্শিপাড়া মোড় থেকে খড়মপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা জুড়ে এ প্রজাপতি যাওয়ার দৃশ্য দেখেছেন। কোন শব্দ ছাড়াই এসব প্রজাপতি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। অনেকে মনে করছে এলাকার মাঠে মাঠে হাজার হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধান রয়েছে। এসব ধানের ক্ষতিও করতে পারে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন,বিভিন্ন প্রজাতির প্রজাপতি রয়েছে। এটি মূলত লেপিডকটেরা বর্গেও পাইরিডি প্রজাতির প্রজাপতি। এদের দুটি পাখা থাকে। পাখায় ছোট ছোট আইশ থাকে। এরা সাধারণত মাটি থেকে ১২-১৫ হাত উচুঁতে এবং দিনের বেলা চলাচল করে। তবে ধান বা অন্য কোন শস্যের ক্ষতি করে না। তারপরও কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।












