ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
অমর একুশে গ্রন্থমেলা ২০২০- এ প্রকাশিত লেখক নুরুল আমিন হৃদয়ের প্রথম গ্রন্থ ‘হৃদয়ের কথা’ বইটি সারাদেশে পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। ফেনীর ছেলে নুরুল আমিন হৃদয় রম্য লেখক হিসেবে পরিচিত কিন্তু সাহিত্যের অন্যান্য শাখায়ও তার আগ্রহ রয়েছে। ‘হৃদয়ের কথা’ বইটি একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। নব্বই দশক থেকে যাদের নিয়ে একসাথে বিভিন্ন সংগঠন করেছেন, লেখালেখি করেছেন এবং এখনও জড়িয়ে আছেন সেসব কার্যক্রম নিয়েই বইটিতে স্মৃতিচারণ করেছেন।
বইমেলায় তার লেখা ‘হৃদয়ের কথা’ গ্রন্থটির প্রচ্ছদ থেকে শুরু করে লেখাগুলো পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। বইটি প্রকাশ করেছে ভাটিয়াল প্রকাশন এবং প্রচ্ছদ এঁকেছেন দেশের জনপ্রিয় চারুশিল্পী আবু হাসান। প্রকাশন সূত্রে জানা গেছে বইটি বেশ ভালো বিক্রি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হৃদয়ের কথা বইয়ের লেখক নুরুল আমিন হৃদয় বলেন, ’আসলে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করি। ২০১৯ সালে এসে ভাবলাম ফেলে আসা দিনগুলোকে যদি মলাটবন্দী করা যায় তবে ভালো হয়। সেই ভাবনার অবসান হলো এই ‘হৃদয়ের কথা’ দিয়ে। আমি চেষ্টা করেছি ফেলে আসা সেই স্মৃতিমধুর সময়গুলো এখানে তুলে ধরতে। কতটুকু করতে পেরেছি জানিনা। দীর্ঘদিন লেখালেখি করলেও গ্রন্থ প্রকাশে আমি এক নতুন মানুষ। বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে অামাকে আরেকটি গ্রন্থ প্রকাশে উৎসাহিত করেছে।’
লেখক নুরুল আমিন হৃদয় ১৯৯৪ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার মাধ্যমে তার লেখালেখি জীবন শুরু করেন। দীর্ঘদিন পর ২০২০ সালে এসে তার প্রকাশিত ‘হৃদয়ের কথা’ বইটিতে তার সুখ দুঃখের স্মৃতিচিহ্ন মলাটবন্দী করেছেন। এবারের বইমেলায় ‘হৃদয়ের কথা’ বইটি নিয়ে ফেনীর বিশিষ্টজন থেকে শুরু করে সারা দেশের অনেক পাঠক প্রসংশা করেছেন।
আগামী বইমেলার জন্য ইতিমধ্যে নুরুল আমিন হৃদয় তার দ্বিতীয় গ্রন্থের (রম্য রচনা) পাণ্ডুলিপি তৈরী করছেন বলে জানা গেছে।












