সড়ক দুর্ঘটনায় জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় বিল্টু মিয়া নিহত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় বিল্টু মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জ শহরে ফিরছিলেন। কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, বিল্টু মিয়া ফারুক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেট থেকে এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিল্টু মিয়া নব্বইয়ের দশকের ক্রিকেটার হিসেবে মানিকগঞ্জে সুপরিচিত। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলায় অংশ নিয়েছেন এবং কৃতিত্ব দেখিয়েছেন। এ ছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়াড় ছিলেন।

তার অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কুলফা গোষ্ঠীর সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন