ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে ভিজিএফের ৩ বস্তা চাল চুরির ঘটনায় ইউপি সদস্য নাছির উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য নাছির উদ্দিনের বিরুদ্ধে ভিজিএফের ৩ বস্তা চাল চুরির ঘটনায় শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে বটতলা বাজারের রিতু টেইলার্স দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়।
প্রতিটি বস্তা ত্রিশ কেজি করে মোট ৩ বস্তা চাল উদ্ধার করা হয়। দোকান মালিকের দেয়া তথ্যমতে পুলিশ জানতে পারে চাল গুলো সরকারী ভিজিএফ এর এবং ইউপি সদস্য নাছির রেখেছে।পরে পুলিশ ইউপি সদস্য নাছির উদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান, ইউপি সদস্য নাছির উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।












