বগুড়ার সারিয়াকান্দির রৌহাদহ টিটুর মোড় এলাকায় যমুনা নদীর তীর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সেখান থেকে পরিত্যক্ত চালের বস্তাগুলো জব্দ করে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়া হয়। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ টিটুর মোড় এলাকায় যমুনা নদীর তীরে ৯ বস্তা চাল পড়েছিল।
ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শাকিব চালের বস্তাগুলো দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুল বারিক চালের বস্তাগুলো ভ্যানে তুলে নিয়ে আসেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো কেউ চুরি করেছিল। পরিস্থিতি অনুকূলে না থাকায় আত্মসাত করতে পারেননি। বাধ্য হয়ে চালগুলো নদীর তীরে ফেলে গেছে। বিকাল পর্যন্ত চালের মালিকের সন্ধান পাওয়া যায়নি।












