গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

লকডাউন উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৫টি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য, করোনা আতঙ্ক নিয়েও কাজ করিয়ে বেতন না দিলে তাদের খাওয়ার কোন উপায় নাই।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া, ভোগড়া, বাসন সড়ক, চৌরাস্তা কোনাবাড়ী, বোর্ড বাজার, শ্রীপুর এলাকায় আন্দোলনে নামেন তারা। একই সময় জয়দেবপুর-ঢাকা সড়কের তিনসড়ক এলাকায়ও একই দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় তারা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিকদের অভিযোগ, ১৬ তারিখ তাদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিচ্ছে না। এ বিষয়ে মালিকপক্ষ তাদের সুনির্দিষ্ট করে কিছু বলছেও না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর কারখানার মালিকপক্ষ সঙ্গে কথা বলে বেতন পরিশোধের তারিখের আশ্বাস দিলে শ্রমিক মহাসড়ক ছেড়ে দেয় বাড়ি যায়।

কারখানা কর্তৃপক্ষ বলছে, লকডাউনের কারণে বৃহস্পতিবার তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। বিকাশ নম্বর কালেকশন করা হচ্ছিল। যাদের বিকাশ একাউন্ট নাই তারা বিক্ষোভ করে।

এদিকে টঙ্গী বিসিক এলাকায় একটি পোশাক কারখানা ও একটি ওয়াশিং কারখানায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। শ্রমিকদের দাবি গেল তিন মাস ধরে এ সকল কারখানায় শ্রমিকদের কোনও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘১৬ মার্চের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলের ৬০ ভাগ পোশাক কারখানায় বেতন ভাতা পরিশোধ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত দিনে বেতন না পেয়ে ১২-১৩টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করছে।’

এর আগে বুধবার একই দাবিতে গাজীপুরে অন্তত ১০টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা ঘরে ফেরেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন