বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগে ২ ইউপি সদস্যের উভয়কে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বুধবার (১৫ এপ্রিল) রাতে এই কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা চাল জব্দ করে র্যাব। তবে চেয়ারম্যান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর এসএসপি মুকুর চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালানো হয়। সেখানে জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে ৪০ কেজির স্থলে ৩০ কেজি দেয়ার অভিযোগ পাওয়া যায় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য মোঃ রোকনউজ্জামানের বিরুদ্ধে। বিষয়টি প্রমাণিত হয় ঘটনাস্থলেই।
এরপর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজিত হালদার সরকারি আদেশ অমান্য করায় ওই দুই ইউপি মেম্বারের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।












