নারায়ণগঞ্জে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকার ইউসান নিট কম্পোজিটের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ওই পোশাক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ছয় মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ এক মাস ধরে কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। বকেয়া বেতনের দাবিতে কারখানাটির শ্রমিকেরা কয়েক মাস ধরেই আন্দোলন করছেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দুই নারী শ্রমিক বলেন, বকেয়া বেতনের দাবিতে আমরা কয়েক মাস ধরেই আন্দোলন করছি। প্রশাসন ও পুলিশ কোম্পানির কর্তৃপক্ষের পক্ষ নিয়ে আমাদের বকেয়া বেতন–ভাতা পরিশোধ করার আশ্বাস দিলেও আমরা ছয় মাসের বকেয়া বেতন পাচ্ছি না। এ কারণে আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

শ্রমিকদের বকেয়া বেতন না দেওয়ার অভিযোগের বিষয়ে ইউসান নিট কম্পোজিট কারখানার কর্মকর্তাদের মুঠোফোনে আজ বেশ কয়েকবার ফোন দিলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শিল্প পুলিশের কাঁচপুর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়েছি। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন