আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক
আক্রান্তের তালিকায় ওঠার আগেই লকডাউনে যাচ্ছে উত্তরের জেলা নওগাঁ। জেলাকে করোনামুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।
বুধবার যেকোনো সময় জেলা প্রশাসকরা বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের ঘোষণা করবেন। এরপর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ নওগাঁ জেলা অবরুদ্ধ থাকবে।
ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরও বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।
জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।
এদিকে, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরইমধ্যে অনেক বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।












