বান্দরবানের ৪১৭টি বৌদ্ধ মন্দির বিহার লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বান্দরবানের সাতটি উপজেলার ৪১৭ বৌদ্ধ মন্দির ও বিহার লক ডাউন করা হয়েছে।

মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের বৈ সা বি উৎসবে যাতে ভাইরাসের সংক্রমণ না ঘটে এ কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈলা।

উৎসব শেষ না হওয়া পর্যন্ত সপ্তাহ ধরে এই লকডাউন চলবে। এসময়ে মন্দিরগুলোতে বৌদ্ধ ভিক্ষুদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া পাহাড়ের বর্ষবরণ বৈসাবি উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে বান্দরবান শহরে প্রবেশের প্রধান দুটি সড়ক বন্ধ করে দেওয়া হলেও বান্দরবানের বাজারগুলোতে কেউ সামাজিক দূরত্ব মানছেন না। রবিবার বান্দরবান শহরের প্রধান বাজার ও মধ্যমপাড়ার মারমা বাজারে লোকসমাগম দেখা গেছে। সামাজিক দূরত্ব না মেনে ক্রেতা-বিক্রেতারা পণ্য আদান প্রদান করছে। ১০ টাকা মূল্যের চাউলের দোকানেও মানুষের ভিড় দেখা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে ৬৯ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন। ১৩ জন রয়েছেন হাসপাতাল কোয়ারান্টাইনে। এ পর্যন্ত জেলা থেকে ৮৩ জনের নমুনা চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে ৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের ফলাফল এখনো পাওয়া যায়নি বলে সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা জানিয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন