জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় ত্রাণের চাল ও আলু ছিনিয়ে নিয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানান, বেলা ১১টার দিকে সিংহজানী খাদ্যগুদাম থেকে ত্রাণের ৬০০ প্যাকেট চাল ও ৬০০ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু লুট শুরু করে। সেখান থেকে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ লুট হয়। ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬০০ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬০০ প্যাকেট সিংহজানী খাদ্যগুদাম থেকে নেয়ার পথে এই লুটের ঘটনাটি ঘটে। পরে লুট হওয়া পরিবর্তে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।
বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধর্ণা দিয়ে তারা আজ পর্যন্ত কোন ত্রাণ পাননি। ক্ষুধার জ্বালায় তারা এই ত্রাণ লুট করেছে।












