ত্রাণ কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনার দাবীতে আইনি নোটিশ

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি হয় পড়া অসহায় জনগণের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনার দাবি জানিয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

পরিকল্পনা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকে নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণের প্রেক্ষিতে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এই মুহূর্তে আতংক এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আয়ের মানুষ, দিন মজুর, রিকশা চালক থেকে শুরু করে নানা পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় মুখ ফুটে সাহায্য চাইতে পারছে না। এ সমস্ত পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ঔষধের অভাব কিংবা ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন পত্র, পত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত নানান খবর প্রকাশ পেয়েছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব অর্থনৈতিক ভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে তাদের নিকট খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দেয়া।

এতে আরো বলা হচ্ছে, যদিও দাবী করা হচ্ছে দেশে খাদ্য সঙ্কট নেই, তথাপি যথাযথ ভাবে এই খাদ্যের সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে না পারলে ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তত খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় ঔষধের নিশ্চয়তা সরকারকে দিতে হবে। রাষ্ট্রের কাছ দুর্যোগ কালে এই সহায়তা পাওয়া তাদের নাগরিক অধিকারের ।

অর্থনৈতিক ভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুতে সেনাবাহিনীর সহায়তা নেয়া যেতে পারে। এছাড়া খাদ্য এবং ঔষধ সরবরাহ কাজের দায়িত্বও সেনা বাহিনীকে দেওয়ার দাবি জানানো হয়েছে। ইতঃপূর্বে নানা দুর্যোগে সেনাবাহিনী সাফল্যের সাথে সরকারকে সহায়তা করেছে এবং জন সাধারণের আস্থা অর্জন করেছে। ইতোমধ্যে ত্রাণ কাজে বিভিন্ন অনিয়ম, নির্বাচিত প্রতিনিধি কর্তৃক চাল চুরি ও মজুদ এবং সমন্নয়হীনতা লক্ষ্য করা গেছে। এই পর্যায়ে একমাত্র সেনাবাহিনীর মাধ্যমে এই ত্রাণ বিতরণ এবং সরবরাহের কাজ যথাযথ ভাবে পরিচালনা সম্ভব।

জনসাধারণের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা দূর করতে আগামী ১ সপ্তাহের মধ্যে অর্থনৈতিক ভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর মাধ্যমে তাদের নিকট খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছানোর দাবী জানানো হয় এই নোটিশে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন