‘কারফিউ দিয়েও লাভ হচ্ছে না, মানুষকে ঘরে রাখতে লাঠি নিয়ে নামতে হবে’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি যতই খারাপ হউক না কেন, মানুষকে ঘরে ফেরানো যাচ্ছে না। লকডাউন ও কারফিউ দিয়েও লাভ হচ্ছে না। সংক্রমণ রুখতে মানুষকে ঘরে রাখতে হলে লাঠি নিয়ে নামতে হবে। শুক্রবার বিকেলে রাইফেল ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘কারফিউ দিলে তো সেনাবাহিনীই নামবে। সেনাবাহিনী তো মাঠে আছেই, র‌্যাব-পুলিশ-বিজিবিও মাঠে। তারা একদিক দিয়ে টহল দিয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে মানুষ বের হচ্ছে। তাহলে এখন কী করা? আমার মতে, প্রতিটি পাড়া-মহল্লায় স্বেচ্ছাসেবকের হাতে লাঠি দিয়ে মানুষকে ঘরে ফেরাতে হবে।’

মানুষকে ঘরে ফেরাতে লাঠি হাতে লোক নামিয়েছিলেন জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজকে অনুরোধ করে বলছি আমি কিন্তু লোক নামিয়েছিলাম। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের কয়েকটা এলাকায় লাঠি নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তারা। কিন্তু দুই একটা মিডিয়া লিখে দিল লাঠি হাতে যুবকরা মহিলাদের বাড়ির সামনে হইচই করছে। তাহলে কী দাঁড়ালো কাজ করতে গেলেও সমস্যা, না করলেও সমস্যা।’

এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘সরকারি সাহায্য আসছে সেটা সরকারি লোকজন বিতরণ করছে। আমি আমারটা করছি। কারণ সরকারি সাহায্যের বাইরেও আমার সাহায্য দেওয়ার ক্ষমতা আছে। আমি করছি। কারণ এখনই পরীক্ষা দেওয়ার সময়। বিপদে পড়লে মানুষ যদি আমাকে কাছে না পায় তাহলে কিসের জন্য কার জন্য রাজনীতি করি।’

এ ব্যাপারে সাংবাদিকদের অংশগ্রহণ প্রয়োজন বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন