৩৯০ কেজি সরকারি চাল মিলল অটোচালকের কাছে

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারের (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে একজন। এ সময় তার কাছ থেকে ৩৯০ কেজি চাল উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার টিলাবাজার এলাকয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধ চাল বহনকারী অটোচালককে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে অটোবাইকে করে চাল নেয়ার সময় সন্দেহ হলে এলাকাবাসী অটোরিকশা জব্দ করে ঘাটাইল থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

পরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে জব্দকৃত চাল পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে তিনি দুপুরে টিলাবাজারে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্দেশে বহন করায় অটোচালক আবু তাহেরকে (৩৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অটোচালক তাহের জানান, ২ নং ঘাটাইল ইউনিয়নের ভুলু চৌকিদার তাকে তার বাড়ি থেকে চালগুলো টিলাবাজারের শাহজাহানের দোকানে নিয়ে যেতে বলে। তিনি আর কিছু জানেন না।

২ নং ঘাটাইল ইউনিয়নের চেয়াম্যান হায়দর আলী এ বিষয়ে জানান, এ ঘটনার আমার ইউনিয়নের লোকজন জড়িত। তবে তারা কোথা থেকে এ চাল বের করেছে তা আমার জানা নাই। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, অবৈধ মালামাল পরিবহন করার দায়ে অটোচালক আবু তাহেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মূলহোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘাটাইল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন