করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কৌশল হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা, নকিপুর, কাটিবারহলসহ কয়েকটি গ্রামের প্রবেশদ্বারে পাহারা বসানো হয়েছে। গ্রামের বাসিন্দাসহ বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে স্থানীয়দের উদ্যোগে এই পাহারার ব্যবস্থা করা হয়।
বাঁশ ও বেঞ্চ দিয়ে প্রবেশদ্বার আটকে গ্রামের তরুণ ও যুবকরা পালা করে পাহারা দিয়ে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছে। একইসাথে গ্রামের বাসিন্দাদের জরুরী সকল প্রয়োজনে সার্বিক সহায়তা করা হচ্ছে বলেও জানিয়েছে উদ্যোগী তরুণরা।
গ্রামগুলোর প্রতিটির প্রবেশদ্বারে চার থেকে ছয় জন পর্যন্ত অবস্থান করছে। কোনো কোনো প্রবেশদ্বারে স্বেচ্ছাসেবী তরুণদের পাশাপাশি গ্রাম পুলিশও পাহারার কাজে সহায়তা করছে।
কেউ ওইসব গ্রামে প্রবেশ করতে চাইলে তার নাম পরিচয় জানার পর গন্তব্য জানতে চাওয়া হয়। প্রয়োজনে মুঠোফোনে কথোপকথনের মাধ্যমে অনেকের প্রয়োজন মিটিয়ে দিচ্ছে পাহারার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা।
প্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য কেউ গ্রামের বাইরে যেতে চাইলে স্বেচ্ছাসেবীরা নিজেদের সাইকেল নিয়ে তার জরুরী মালামাল ক্রয় করে এনে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে সবাই আতংকের মধ্যে রয়েছে। গ্রামের কিছু ছেলে নিজেদের উদ্যোগে বহিরাগতসহ স্থানীয়দের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রামের শত শত পরিবারকে সুরক্ষিত রাখার যে চেষ্টা করছে তা প্রশংসনীয়।












