ফরিদপুরে শহর আওয়ামী লীগ এক ব্যতিক্রমী মানবিক সহায়তার কর্মসূচি হাতে নিয়েছে।
এ কর্মসূচির আওতায় প্রাণঘাতী করোনা সংক্রমণের কারণে ঘরে আটকে থাকা ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের ঘরে ঘরে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব মিলিয়ে পৌরসভার ৩২ হাজার পরিবারকে চাল, আটা, লবণসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের বদরপুর আফসানা মঞ্জিল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর -৩(সদর) আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ঝর্ণা হাসান, চৌধুরী বরকত ইবনে সালাম, এএইচএম ফেয়াদ প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনা বিপর্যয়ের ভয়াবহতা উপলব্ধি করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে ৩১টি নির্দেনা দিয়েছেন। তা যদি আমরা মেনে চলি। তাহলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে। আমরা শঙ্কামুক্ত থাকতে পারব।
শহর আওয়ামী লীগের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিকে মানবিক সহায়তা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের একটি মানুষও না খেয়ে থাকবে না। যতদিন প্রয়োজন। ততদিন এ কর্মসূচি চালানো হবে। পরে প্রধান অতিথি কয়েজনের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।












