রাকিবের আর এইচএসসি পরীক্ষায় বসা হল না

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা হল না শিক্ষার্থী রাকিবের। মাছ ধরার জন্য বাড়ির পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেলে জেলার কাঁঠালিয়া উপজেলার বিলছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিব হাওলাদার (১৭) বিলছোনাউটা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। স্থানীয় আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্থানীয় সাংবাদিক ফারুক হোসেন খান জানান, নিজ বাড়ির পুকুরের মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিচ্ছিল সে। পাম্প চালুর পর বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে মেশিন বন্ধ হয়ে যায়। তখন ওই শিক্ষার্থী ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন